দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে মাহতাব হোসেন হৃদয় (৫) নামের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচাদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও স্বজনরা জানান, বাড়িতে টয়লেট নির্মাণের জন্য ফারুক হোসেনের গোয়ালঘরের পাশে মাটি ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী হামেদ আলীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় হামেদের পক্ষ নিয়ে তার ভাই পেশকার, আশকার, হাকিম ও মোক্তার লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়।
পরিস্থিতি বেগতিক দেখে ফারুক হোসেন তার শিশুপুত্র হৃদয়কে কোলে নিয়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, এ সময় হামেদ আলী চাপাতি দিয়ে আঘাত করলে ফারুক পালিয়ে যেতে সক্ষম হলেও শিশু হৃদয় গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত হামেদ আলী ও তার ভাইয়েরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে পরিবার।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জে আই